নিউজ প্রবাসী ডেক্স :
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। যথাযথভাবে আবেদনটি আদালতে উপস্থাপন না হওয়ায় ‘উত্থাপিত হয়নি’ মর্মে আবেদনটি খারিজ করা হয়েছে।
রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আবেদনটি যথাযথভাবে উপস্থাপন না হওয়ায় আদালত তা খারিজ করেছেন।
তবে আইনগতভাবে আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ হিসেবে খারিজ হওয়ায় বিষয়টি নিয়ে পরবর্তীতে অন্য কোনো বেঞ্চে নতুন করে রিট করার সুযোগ রয়েছে।
গত ৭ সেপ্টেম্বর রিটটি দায়ের করা হয়েছিল। এতে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে রুল জারির পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিতের আবেদন করা হয়।
এর আগে গত সোমবার হাই কোর্টের একই বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি থাকলেও সেদিন এর শুনানি হয়নি।
২০২৫ সালের মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির নেতা-কর্মীদের প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts