নিউজ প্রবাসী ডেক্স:
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী পরিবর্তন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার বিকেলে দলীয় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। পরে দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ এবং ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। প্রায় ছয় মাস পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো।
নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে আসিফ মাহমুদ সম্প্রতি ঢাকা দক্ষিণের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণের আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন।
এনসিপি সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয়ভাবে প্রার্থী বাছাই নিয়ে নতুন করে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এরপর রাজধানীর দুই সিটিতে দলের দুই শীর্ষ নেতাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী—দুজনেরই ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি নতুন প্রার্থী নির্ধারণের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঢাকার দুই সিটিতে প্রার্থী পরিবর্তনের মধ্য দিয়ে দলটি এবার নতুন নির্বাচনী সমীকরণে মাঠে নামতে যাচ্ছে।