নিউজ প্রবাসী ডেক্স:
ঢাকার কেরাণীগঞ্জে প্রকাশ্যে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফরহাদ হোসেন (২৫)। পুলিশ বলছে, তিনি মোহাম্মদপুর-রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আরশিনগর এলাকায় কয়েকজন যুবক ফরহাদের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও তাঁর বন্ধুরা ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বন্ধু সাকিবের দাবি, মাছ ও কাপড়ের ব্যবসা করতেন ফরহাদ। দুপুরে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন তিনি। সাকিবের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে পিস্তল ও চাপাতি হাতে একটি স্থানে প্রবেশ করতে দেখা যায়। পরে সেখান থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় টেনে বের করা এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দৃশ্যও দেখা যায়।
ফরহাদ ভোলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরাণীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা রয়েছে কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় দুই কিশোর গ্যাংয়ের আধিপত্যের বিরোধে ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমন খুন হন। ওই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts