ক্যাম্পাস ডেস্ক :
রাজধানীর চাঁনখারপুল এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পি কে গাঙ্গুলি লেইনের একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থীর নাম অনিক চন্দ্র পাল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। বর্তমানে তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।
বিশ্ববিদ্যালয়ের ত্রিমাত্রিক ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল জানান, মেসের একটি কক্ষে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় অনিককে পাওয়া যায়। পরে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুবাস পাল বলেন, খবর পাওয়ার পর তিনি হাসপাতালে যান এবং অনিকের পরিবারকে বিষয়টি জানানো হয়। পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অনিকের সহপাঠী পায়েল দাস জানান, অনিক স্বভাবগতভাবে কিছুটা চুপচাপ ছিলেন। দীর্ঘ সময় হেডফোন কানে দিয়ে নিজের কক্ষে থাকতেন। মঙ্গলবার দুপুরে মেসমেটরা তার কক্ষে নক করলেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্বাভাবিক মনে করেছিলেন। তার রুমমেটও তখন দেশে ছিলেন না; তিনি ভারতে গিয়েছেন।
পরে রাতে অনিকের মোবাইলে যোগাযোগ করতে না পেরে তার এক বান্ধবী মেসমেটদের বিষয়টি জানান। এরপর তারা দীর্ঘ সময় দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। একপর্যায়ে জানালা ভেঙে কক্ষের ভেতরে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বংশাল থানার ওসি আশিক ইকবাল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। পরিবারের সদস্যরা ঢাকায় আসার পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।