নিউজ প্রবাসী ডেক্স :
ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, মগবাজার, বাবুবাজার ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময়ে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন।
দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভার ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে পৃথক বিস্ফোরণের খবর দেয় পুলিশ।
সন্ধ্যা পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিস্ফোরণগুলো কারা ঘটিয়েছে বা কোন দিক থেকে বোমা ছোড়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এরপর রাতে মগবাজার মোড়, বাবুবাজার ব্রিজের নিচে এবং রামপুরায়ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পাওয়ার আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ধারাবাহিক এসব বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হলেও অধিকাংশ ঘটনাস্থলে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে তখনও স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি।