নিউজ প্রবাসী ডেক্স:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ হাজার ২৭০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিনের চারজনের মৃত্যুর তথ্য বিলম্বে পাওয়ায় তা পরবর্তী হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৭৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জন।
উপসর্গ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। এ বিভাগে মারা গেছে ৪৩৯ জন। এরপর সিলেট বিভাগে ১৭০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪২ এবং রংপুরে ১৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ১ হাজার ৬৮ জনকে ভর্তি করা হয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে ২৯৯, চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৪, বরিশালে ১৪৩, খুলনায় ৯১, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ২৫ এবং রংপুরে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে যাওয়া মানুষের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১।
তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ থাকা সব রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। হাসপাতালের বাইরে থাকা রোগীদেরও নিয়মিত পরীক্ষা করা সম্ভব হয় না। ফলে পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত বিস্তারের পূর্ণ চিত্র পাওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts