নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে সৃষ্ট জটিলতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে গভর্নিং বডির মাধ্যমে দায়িত্ব পাওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদুল হাসানকে ঘিরে কলেজে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
কলেজসংশ্লিষ্টদের ভাষ্য, একই সময়ে দুজনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। গত ১ জুন গভর্নিং বডি শহীদুল হাসানকে এক বছরের জন্য অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়। পরে আগস্টে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক সুফিয়া খাতুনকে অধ্যক্ষ হিসেবে প্রেষণে পদায়ন করে। কিন্তু শহীদুল হাসান দায়িত্ব হস্তান্তর না করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়।
শহীদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে তিনিও বিব্রত। গভর্নিং বডির সভাপতি আবদুস সালামের সঙ্গে এ নিয়ে একাধিকবার কথা বলেছেন এবং শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টিও জানিয়েছেন। তার ভাষ্য, কলেজ থেকে সরে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাননি; সিদ্ধান্ত পেলে তিনি চলে যাবেন।
অন্যদিকে সুফিয়া খাতুন বলেন, সরকারি নির্দেশে তিনি অধ্যক্ষের দায়িত্ব পেয়ে কলেজে এসেছেন। কিন্তু নানা কারণে তাকে এখনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। দ্রুত সমস্যাটির সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, গভর্নিং বডির নিয়োগের শর্ত অনুযায়ী সরকার নতুন কাউকে দায়িত্ব দিলে আগের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ার কথা। সেই হিসাবে শহীদুল হাসানের দায়িত্ব শেষ হয়েছে বলে তারা মনে করছেন।
শিক্ষার্থী রহমতুল্লাহ বলেন, একই কক্ষে দুজন অধ্যক্ষ অবস্থান করায় কলেজের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান চান তারা।
এ পরিস্থিতিতে দুই অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও একজন অভিভাবক প্রতিনিধির মধ্যে বৈঠক হয়। বৈঠকে আগামী রোববার গভর্নিং বডির সভা ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় অধ্যক্ষের দায়িত্ব নিয়ে চলমান জটিলতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts