নিউজ প্রবাসী ডেক্স :
নাটোর শহরে আট বছরের এক শিশুর হাতের আঙুল কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত কনস্টেবল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
শিশুটির বাবা অভিযোগ করেন, বুধবার রাতে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানে তার ছেলের সঙ্গে কনস্টেবলের চার বছর বয়সী মেয়ের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই পরিবার পারিবারিকভাবে মীমাংসা করে নেয়।
তার অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ডিউটি শেষে ওই কনস্টেবল তার ছেলেকে জোর করে বাসায় নিয়ে যান। সেখানে খাটের চৌকাঠের ওপর শিশুটির হাত রেখে বটি দিয়ে কোপ দিয়ে একটি আঙুল বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ঘটনার পর অভিযুক্ত কনস্টেবল আত্মগোপনে চলে গেছেন বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দুই পরিবার একই ভবনে বসবাস করে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও শিশুটির বাবা জানিয়েছেন।
তবে পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, কনস্টেবল দাবি করেছেন—আট বছরের শিশুটি তার চার বছরের মেয়েকে যৌন নিপীড়ন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, তারা ঘটনার কথা শুনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।