নিউজ প্রবাসী ডেক্স:
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি অনলাইনে যোগদান করেন।
শেখ শরীফুল আলম জানান, বিকেল ৪টার দিকে সচিবের মাধ্যমে তার যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
শারীরিকভাবে ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে নতুন উপাচার্য বলেন, দ্রুতই তিনি চুয়েটে যাবেন। তবে তার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে চলমান বিষয়গুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে নতুন উপাচার্যের যোগদানের দিনও আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করেন তারা। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নিয়ে সায়েমকে পুনর্বহালের দাবিতে স্লোগান দেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তিন দিন ধরে চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে তারা শাটডাউন কর্মসূচি পালন করছেন। এর মধ্যে ক্যাম্পাসের মূল ফটকে তালা দেওয়া এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও রয়েছে।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য করা হয়। দায়িত্ব পাওয়ার ৫৬ দিনের মাথায় সায়েমকে সরানোর সিদ্ধান্তের পরই শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।
আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি সায়েমকে পুনর্বহালের দাবি জানায়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরাও আগের উপাচার্যকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।