নিউজ প্রবাসী ডেক্স :
গাড়ির ভেতর তারকাদের সঙ্গে আড্ডা ও জীবনের নানা গল্প নিয়ে পর্দায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানটির প্রথম দিকের দৃশ্যধারণে উপস্থাপক মাসুমা রহমান নাবিলার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।
নাবিলা ও মিমকে একসঙ্গে গাড়িতে দেখে বিষয়টি নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হলেও এর পেছনে রয়েছে নতুন এই বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন। ‘লং ড্রাইভ’-এ সাধারণ টকশোর পরিবর্তে গাড়িতে চলার সময় তারকাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ক্যারিয়ারের নানা অধ্যায় ও স্মৃতির গল্প তুলে ধরা হবে।
আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সির আয়োজনে নির্মিত এই অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর নির্মাতা সঞ্জয় সমদ্দার। প্রযোজনায় রয়েছেন ইশতি আহমেদ। অনুষ্ঠানে তারকাদের সাফল্যের পথচলা, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা এবং গাড়িকে ঘিরে নানা স্মৃতি নিয়ে কথা বলার সুযোগ থাকবে।
বিদ্যা সিনহা মিমের পাশাপাশি অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকছেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ ও কেয়া পায়েলসহ আরও কয়েকজন পরিচিত তারকা। তাদের সঙ্গে গাড়িতে আড্ডার মাধ্যমে দর্শকদের সামনে উঠে আসবে ক্যারিয়ারের বাইরের নানা গল্পও।
‘লং ড্রাইভ’-এ বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়ও রাখা হয়েছে। কয়েকটি পর্বে সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ এবং তারকাদের ফ্যান মোমেন্ট দেখানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটির পর্বগুলো শিগগিরই ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘দোয়েল ওটিটি’-তেও অনুষ্ঠানটি দেখা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts