
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে হত্যার আলোচিত মামলায় ঘটনার মাত্র ১২ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়াকে একমাত্র আসামি করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, তদন্ত চলাকালে চারজন পুলিশ সদস্যসহ মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এছাড়া আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন, মেডিকেল রিপোর্ট, আলামত ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে তদন্ত সম্পন্ন করা হয়।
গত ১৩ জুন রাতে আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। ঘটনার পরদিন রাতে পটিয়া এলাকা থেকে তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের অর্থ পরিশোধ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ধার সংক্রান্ত একটি হলফনামা দখলে নেওয়ার উদ্দেশ্যে ঘটনার রাতে সুজন বড়ুয়ার বাড়িতে গিয়ে বাধার মুখে পড়ে এনি ও প্রিয়ন্তীকে ছুরিকাঘাত করেন অভিযুক্ত।
তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত্যুর আগে নিহত এনি বড়ুয়ার দেওয়া বক্তব্যসম্বলিত একটি ভিডিওও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সংগৃহীত সব তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।