
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদের কথা জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বৈঠকে সীমান্ত সমস্যাসহ দুই দেশের অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানে ইতিবাচক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, সম্প্রতি বিএসএফ ও বিজিবির মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকলে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। তিনি পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা ও জনগণের কল্যাণের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের পক্ষ থেকে বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সীমান্ত সমস্যার সমাধানে ইতিবাচক বার্তা দিয়েছেন।