
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যুগোপযোগী নয়। এ কারণে আইন সংশোধনের পাশাপাশি মাদক মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে দেশে মাদকাসক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। মাদক কারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় সক্ষমতা ও সরঞ্জামের ঘাটতি রয়েছে।
তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে এবং বিদ্যমান মাদক আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। শিগগিরই সংশোধিত আইন সংসদে উত্থাপন করা হতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। সারা দেশে এ সংখ্যা আরও অনেক বেশি। এসব মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ৭৩টি বেসরকারি পুনর্বাসন কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।