
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকাসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার এক মতবিনিময় সভায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বিমানবন্দরগুলো সবসময়ই নিরাপত্তার আওতায় থাকে। তবে নতুন সতর্কবার্তার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, এটি নিয়মিত কার্যক্রমেরই অংশ হলেও যাত্রী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
এর আগে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে। যদিও ওই সংগঠনের নাম উল্লেখ করা হয়নি, তবে সম্প্রতি সংশ্লিষ্ট এক সদস্যকে গ্রেপ্তারের তথ্যও জানানো হয়েছে।
বর্তমানে দেশে তিনটি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর চালু রয়েছে। এসব বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।