
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে জ্বালানি তেলের দামে হঠাৎ বড় ধরনের বৃদ্ধি এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেলের দাম ছিল ১০০ টাকা, অকটেন ১২০, পেট্রোল ১১৬ এবং কেরোসিন ১১২ টাকা।
দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর হঠাৎ এমন বড় বৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য নতুন চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এর সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরান সংশ্লিষ্ট পরিস্থিতির প্রভাব বৈশ্বিক বাজারে পড়েছে।
এর আগে মাসভিত্তিক সমন্বয় পদ্ধতিতে জ্বালানির দাম এক-দুই টাকা বাড়া-কমার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার একবারেই ১০ শতাংশের বেশি বৃদ্ধি নজর কাড়ছে।
সরকার কিছুদিন আগেও ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখার কথা বললেও, বাড়তে থাকা আর্থিক চাপ সামাল দিতে শেষ পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
দেশে ২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম নির্ধারণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বড় সমন্বয় এলো।