নিউজ প্রবাসী ডেক্স :

চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ভারতের গোয়ায় নিবিড় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি তকমা নিজেদের ওপর চাপ হিসেবে নিতে নারাজ ফুটবলাররা। বাস্তবতা মেনেই ধাপে ধাপে এগোতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। তার আগে মঙ্গলবার সকালে গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে প্রায় দেড় ঘণ্টার অনুশীলন সেশন সম্পন্ন করেছে দল।
সকালের অনুশীলনে ওয়ার্ম-আপ শেষে পাসিং ড্রিল, পজেশনভিত্তিক গেম এবং ছোট ছোট দলে ভাগ হয়ে হাই-ইনটেনসিটি ম্যাচ প্র্যাকটিসে গুরুত্ব দেন কোচিং স্টাফরা। পাশাপাশি ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস ও বিভিন্ন পজিশনে দলের শেপ ধরে রাখার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়।
গোয়ার গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের ফিটনেস ও একাগ্রতা ছিল চোখে পড়ার মতো। অনুশীলনের সময় হওয়া হালকা বৃষ্টি ফুটবলারদের কিছুটা স্বস্তি দেয়। বর্তমানে দলে কোনো ইনজুরি সমস্যা নেই বলেও জানা গেছে। অনুশীলন শেষে টিম হোটেলে জিম ও আইস বাথের মাধ্যমে রিকভারি সেশনও সম্পন্ন করেন খেলোয়াড়রা।
দলের ডিফেন্ডার শিউলি আজিম বলেন, থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করায় গোয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হচ্ছে না। যদিও এখানকার মাঠের মান কিছুটা কম, তারপরও দল দ্রুত নিজেদের মানিয়ে নিচ্ছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামার চাপ প্রসঙ্গে শিউলি বলেন, “আগে কী ছিলাম সেটা ভুলে যেতে হবে। বাস্তবতা হলো এবারের টুর্নামেন্টে ভারত ও নেপাল শক্তিশালী দল। আমরা নিজেদের হট ফেভারিট ভাবছি না। তবে ট্রফি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে শক্তির জানান দিয়েছে স্বাগতিক ভারত। তবে বাংলাদেশের পুরো মনোযোগ এখন নিজেদের প্রথম ম্যাচ নিয়েই।
আগামীকাল বিকেলে ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে শেষ অনুশীলন শেষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts