
নিউজ প্রবাসী ডেক্স :
কোরবানির ঈদকে সামনে রেখে ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিষয়টি নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক বিভাগের নামে পাঠানো অনেক বার্তাই সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। বর্তমানে এআই ক্যামেরার মাধ্যমে সড়কে আইন লঙ্ঘনের ঘটনায় ডিজিটাল মামলা দেওয়া হলেও, মামলার কপি কেবল ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, প্রয়োজন ছাড়া কোনো পিন নম্বর, ওটিপি কিংবা পাসওয়ার্ড কখনোই চাওয়া হয় না। শুধুমাত্র নির্ধারিত দুটি নম্বর থেকে তথ্য পাঠানো হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক লিংক, কল বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন সড়কে বসানো এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয় মামলা কার্যক্রম চালু করেছে ডিএমপি। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।