
নিউজ প্রবাসী ডেক্স :
ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি। এমন রেকর্ড এর আগে কোনো ফুটবলার গড়তে পারেননি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। প্রথম ফ্রি-কিক থেকে গোল করতে না পারলেও কিছুক্ষণ পর পাওয়া আরেকটি ফ্রি-কিক দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন তিনি। ৮০তম মিনিটে করা এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে তার ষষ্ঠ এবং বিশ্বকাপ ক্যারিয়ারে ১৯তম গোল।
এই গোলের মধ্য দিয়ে মেসি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নেন। এতে আরও সমৃদ্ধ হলো তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অর্জনের তালিকা।
বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের পাতায়ও নতুন ইতিহাস যোগ করলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই তারকা।