
নিউজ প্রবাসী ডেক্স :
১৩ জুন : ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর একই দিন তিনি নতুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন, কৌশলগত পরিকল্পনা ও বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কাজে নেতৃত্ব দিয়েছেন।
কর্মজীবনে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর কমান্ডার ছিলেন। এছাড়া দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সাউথ ওয়েস্টার্ন কমান্ড ও সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দেন।
সেনাবাহিনীর আধুনিকায়ন, যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনায় তার অবদান বিশেষভাবে প্রশংসিত। সামরিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার ক্ষেত্রেও তিনি একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।
উল্লেখ্য, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ সালের ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার অবসরের পর ধীরাজ শেঠ ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন। তার মেয়াদ চলবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত।