
নিউজ প্রবাসী ডেক্স :
রাজস্ব আহরণ, ঋণনির্ভর অর্থায়ন ও পরিকল্পনার অস্পষ্টতায় প্রশ্ন তুললেন আনিসুল ইসলাম মাহমুদ
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিলেও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার মতে, বাজেটে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতে বড় প্রতিশ্রুতি থাকলেও রাজস্ব আহরণের অনিশ্চয়তা, বড় বাজেট ঘাটতি, ঋণনির্ভর অর্থায়ন এবং বাস্তবায়ন পরিকল্পনার অস্পষ্টতা বড় দুর্বলতা হিসেবে রয়ে গেছে।
শনিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করতে হয়েছে। জনগণকে নতুন স্বপ্ন দেখানোর সুযোগ সৃষ্টি হলেও সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে কি না, তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর।
তিনি মন্তব্য করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট একদিকে সম্ভাবনার বার্তা বহন করছে, অন্যদিকে এটি সরকারের জন্য বড় ধরনের বাস্তবায়ন পরীক্ষাও।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, বাজেট বাস্তবায়নে সুশাসন, আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।