
ডেস্ক রিপোর্ট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিক যেন নিজ বিবেচনায় যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। বার্তায় তারেক রহমান বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণ করেন।
তিনি আরও উল্লেখ করেন, ভোটগ্রহণ শেষে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেবেন—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থীরা যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করেন, সে বিষয়ে দলীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি নিজে সরাসরি নজর রাখবেন বলেও মন্তব্য করেন।
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি বিজয়ী হবে বলে তিনি বিশ্বাস করেন।
দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তার শেষাংশে তিনি বলেন, আসুন সবাই মিলে একটি গণতান্ত্রিক, অধিকারভিত্তিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলি। জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।