
নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে তিনি রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কে অবস্থিত মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় কেন্দ্রটিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভোটগ্রহণকে ঘিরে কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। ভোট প্রদান শেষে স্বল্প সময়ের জন্য উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে তিনি দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।