নিউজ প্রবাসী ডেক্স :

২০ জুন: বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, “যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না।”
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। তবে দ্বিপক্ষীয় আলোচনার বিস্তারিত বিষয় এড়িয়ে তিনি ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের পর বাংলাদেশিদেরও যুক্তরাষ্ট্রকে সমর্থন করার আহ্বান জানাতে তিনি এসেছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের প্রাক্কালে অনুষ্ঠিত এ বৈঠককে ‘রুটিন কূটনৈতিক যোগাযোগ’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৩ থেকে ২৬ জুন চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও সূচি রয়েছে।
সফরকালে শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, গণমাধ্যম এবং সবুজ জ্বালানি খাতে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।