
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর রমনা বটমূলে ২০০১ সালের বৈশাখী অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার রায় এখনো হয়নি, পেরিয়ে গেছে ২৫ বছর। মামলাটি বর্তমানে আসামিদের আত্মপক্ষ শুনানির পর্যায়ে থাকলেও দীর্ঘদিন ধরে তা স্থবির হয়ে আছে।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন আদালত ঘুরে বর্তমানে এটি মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫ এ রয়েছে। তবে আসামিদের আদালতে হাজির করতে না পারায় বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ নির্ধারিত শুনানিও আসামিদের অনুপস্থিতির কারণে অনুষ্ঠিত হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তারা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত থাকলেও আসামিদের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। অন্যদিকে, আসামিপক্ষ দাবি করেছে, মামলাটি দুর্বল এবং তাদের মক্কেলরা নির্দোষ।
উল্লেখ্য, ২০০১ সালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এই বোমা হামলায় ১০ জন নিহত হন। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা ও অন্যটি বিস্ফোরক আইনে। হত্যা মামলার রায় ইতোমধ্যে হলেও বিস্ফোরক মামলার বিচার এখনো শেষ হয়নি।