
নিউজ প্রবাসী ডেক্স :
দিনাজপুর শহরের একটি আবাসিক এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টার দিকে সুইহারী আশ্রম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তপন সরকার (৪৮) ও তার স্ত্রী লতা সরকার (৩৫)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এমন দুর্ঘটনা এড়াতে গ্যাস ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।