নিউজ প্রবাসী ডেক্স :

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার বহুল আলোচিত ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (রোববার) ঘোষণা করা হবে। একই মামলায় আরও দুটি হত্যাকাণ্ডের অভিযোগও বিচারাধীন রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলায় সাবেক পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দেবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার আসামিরা হলেন তৎকালীন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে কেবল চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন; অন্য চারজন পলাতক।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম নামে একজন নিহত হন। একই দিনে আত্মরক্ষার জন্য একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। এছাড়া মায়া ইসলাম নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং তার নাতি গুরুতর আহত হয়।
তদন্ত সংস্থা ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করলেও আদালতে ১৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করা হয়। এসব সাক্ষ্যের সঙ্গে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, ওয়্যারলেস বার্তা এবং অন্যান্য ডিজিটাল আলামতও আদালতে দাখিল করা হয়েছে।
মামলার বিচারিক কার্যক্রমের এক পর্যায়ে নতুন ডিজিটাল প্রমাণ উপস্থাপনের কারণে রায় ঘোষণা পিছিয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের পুনরায় যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করে।
বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে দেশের আইন অঙ্গনসহ সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts