
নিউজ প্রবাসী ডেক্স :
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে শেষ রাউন্ডের আগে নকআউট পর্বে ওঠার লড়াই এখন শুধুই অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যে সীমাবদ্ধ। ইতোমধ্যে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানের বিদায়ও নিশ্চিত হয়েছে।
রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় গ্রুপের শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-জর্ডান এবং অস্ট্রিয়া-আলজেরিয়া।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে তারা আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে।
অস্ট্রিয়া প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে পরাজিত হয়। সমান ৩ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ড্র করলেই রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত হবে অস্ট্রিয়ার। তবে হারলে তৃতীয় সেরা দল হিসেবে পরের পর্বে ওঠার সম্ভাবনা নির্ভর করবে গোল ব্যবধান ও অন্য গ্রুপের ফলাফলের ওপর।
অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আলজেরিয়া। শেষ ষোলো নিশ্চিত করতে হলে অস্ট্রিয়ার বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই তাদের। ড্র করলে তৃতীয় সেরা দল হওয়ার আশা থাকবে, আর পরাজিত হলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।
এদিকে প্রথম দুই ম্যাচেই হেরে জর্ডানের নকআউট পর্বে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। শেষ ম্যাচে তারা শুধুই সম্মান রক্ষার লড়াইয়ে মাঠে নামবে।