
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়া আরও ৯৩ জনের মৃত্যুর তথ্যও পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৬২ জন ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৭৬ জন, ময়মনসিংহে ৫৫ জন, চট্টগ্রামে ৫০ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৭ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে গেছেন ৮৯৩ জন। তাদের মধ্যে ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আক্রান্তদের বড় অংশই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৭৮৮ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ জনে পৌঁছেছে। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জনের শরীরে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।