নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নিহত শিশুদের মায়েদের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, তদন্তে কোনো ঘাটতি রাখতে চায় না সরকার। এজন্য শিশুদের পরিবারের সদস্যদের বক্তব্যও গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। তবে বেশ কয়েকজন মা ঢাকার বাইরে থাকায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।
তিনি জানান, আগামী ৩ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত শিশুদের বাবা-মায়েরা ময়নাতদন্তে রাজি না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তারপরও সব দিক খতিয়ে দেখে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
পরিদর্শনের সময় হাসপাতালের উপরের একটি তলায় ‘রুটির কারখানা’ পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী। সেখানে বৈদ্যুতিক ওভেনে রুটি তৈরি করা হতো। ওই কারখানা বা জমে থাকা পানি থেকে কোনো ক্ষতিকর গ্যাস তৈরি হয়েছিল কিনা, তা বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন।
মন্ত্রী আরও বলেন, একটি মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের কারখানা থাকা উচিত নয়। ভবিষ্যতে হাসপাতালগুলোর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হবে।
উল্লেখ্য, কোরবানির ঈদের আগের দিন আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশু হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts