নিউজ প্রবাসী ডেক্স :

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা গতকাল এক বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন তিনি। পুরস্কার নেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংক্ষিপ্ত সৌজন্য আলাপও হয়।
অনুষ্ঠান শেষে ববিতা জানান, প্রধানমন্ত্রী প্রথমেই তাঁর খোঁজখবর নেন। জবাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মান গ্রহণ করতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে স্মরণ করেন, এর আগে প্রধানমন্ত্রীর বাবার হাত থেকেও তিনি রাষ্ট্রীয় সম্মান গ্রহণ করেছিলেন।
পদক গ্রহণের পর মিলনায়তন প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় এই অভিনেত্রীকে। দীর্ঘদিন পর এত মানুষের ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হন তিনি। মজা করে বলেন, ‘অনেক দিন পর এত ছবি তুললাম যে, ক্লান্ত হয়ে গেছি। তবে এই ক্লান্তিও আনন্দের।’
এবারের একুশে পদক তিনি উৎসর্গ করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান–কে। ববিতার ভাষ্য, কিশোর বয়সে চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু হয়েছিল জহির রায়হানের হাত ধরেই। শিল্পের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের শিক্ষাই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাই এই স্বীকৃতির পেছনে তিনি তাঁর গুরুজির অবদানকেই প্রধান মনে করেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রী মনে করেন, তাঁদের নিঃস্বার্থ সমর্থনই তাঁকে ‘ববিতা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে—একুশে পদক সেই ভালোবাসারই স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts