
নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এবার সেই অভিজ্ঞতাগুলো বিশ্লেষণ করে ভবিষ্যৎ নির্বাচনের জন্য কার্যকর সুপারিশ তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ইসি সূত্র জানায়, ভোটের আগে ও পরে মাঠপর্যায়ে কী ধরনের সমস্যা হয়েছে, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, ভোট গণনা, আইনশৃঙ্খলা ও দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর মতো বিষয়গুলো নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে হাওর ও মহানগর এলাকার অভিজ্ঞতা সংগ্রহের পর এবার কক্সবাজারে উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা শুরু হচ্ছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভবিষ্যৎ নির্বাচন কমিশনের জন্য একটি বাস্তবভিত্তিক প্রতিবেদন তৈরি করাই বর্তমান কমিশনের লক্ষ্য। যেখানে শুধু ফলাফল নয়, মাঠপর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের বিষয়ও উঠে আসবে।
তিনি আরও জানান, প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট ব্যবস্থাপনায় নতুন অভিজ্ঞতা তৈরি হয়েছে। বিশেষ করে পোস্টাল ব্যালট ও দ্রুত ফল প্রকাশের বিষয়ে ভবিষ্যতে আরও উন্নত পরিকল্পনার সুযোগ রয়েছে।