
নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্বকাপের মাঠে শিরোপার লড়াই যেমন জমে উঠছে, তেমনি শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। দুই ম্যাচ শেষে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড।
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। প্রথম দুই ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫। একই সঙ্গে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ, জয় ও খেলার মিনিটের নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে। ইরাকের বিপক্ষে দুই গোল করে বিশ্বকাপে তার মোট গোল দাঁড়িয়েছে ৪। মাত্র ১৬ ম্যাচে ১৬ গোল করে তিনি ইতোমধ্যেই নিজেকে বিশ্বকাপের অন্যতম ভয়ংকর ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে প্রথম বিশ্বকাপ খেলেই আলো ছড়াচ্ছেন নরওয়ের আর্লিং হলান্ড। টানা দুই ম্যাচে জোড়া গোল করে তার গোলসংখ্যাও ৪। তার নৈপুণ্যে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব।
গোলের হিসেবে মেসি কিছুটা এগিয়ে থাকলেও এমবাপে ও হলান্ডের দুর্দান্ত ফর্ম প্রতিযোগিতাকে করে তুলেছে আরও রোমাঞ্চকর। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই তিন মহাতারকার দিকে। বিশ্বকাপের শেষ পর্যন্ত কে থাকবেন গোলদাতার শীর্ষে, সেটাই এখন বড় প্রশ্ন।
শিরোপার লড়াইয়ের পাশাপাশি গোল্ডেন বুটের এই ত্রিমুখী প্রতিযোগিতা বিশ্বকাপকে দিয়েছে বাড়তি উত্তেজনা, যা আসরের পরবর্তী ম্যাচগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে।