নিউজ প্রবাসী ডেক্স :

জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত প্রায় ২টার দিকে শহরের দড়িপাড়া এলাকার মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। তার স্বামী হোসাইন মো. তাইফুর রহমান (৪০) দড়িপাড়া এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তাইফুর রহমানের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষ সন্দেহ করেন। পরে জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে খাটের ওপর তানিয়ার পোড়া মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত জনতা তাইফুর রহমানকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
নিহতের মামা মনোয়ার হোসেন কর্নেল জানান, রাত সাড়ে আটটার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে যায়। মধ্যরাতে হঠাৎ খবর পান যে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts