নিউজ প্রবাসী ডেক্স :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে ‘রক্ষীবাহিনীর কায়দায় হামলা’ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, গোপালগঞ্জের পর ঝিনাইদহে একই ধরনের সশস্ত্র হামলার দৃশ্য তিনি প্রত্যক্ষ করেছেন।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ও পুলিশের একটি অংশ সমন্বিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। এমনকি মামলা করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পাটওয়ারীর ভাষ্য, দেশে বর্তমানে আইনের শাসনের পরিবর্তে “জঙ্গলের শাসন” চলছে। সরকার দুর্নীতি, বিচার ও সংস্কারের অবস্থান থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এনসিপি কোনো আপসের রাজনীতিতে যাবে না এবং দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অবস্থানে অনড় থাকবে। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পাটওয়ারী বলেন, সীমান্তে হত্যাকাণ্ড, মাদক পাচার ও বিএসএফের আচরণ উদ্বেগজনক। বিজিবিকে আরও শক্তিশালী করার পাশাপাশি নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts