নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন ও অভিনেতা আতাউর রহমান আর নেই। সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংস্কৃতি অঙ্গনের সহকর্মীরা হাসপাতালে ভিড় করেন।
তিনি আরও জানান, আতাউর রহমানের শেষ ইচ্ছে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতির চেষ্টা চলছে। জানাজা ও দাফনের বিষয়ে পরে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চনির্দেশনা ও লেখালেখিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দীর্ঘ সাংস্কৃতিক জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts