
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানী ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে এই স্মারকে সই করেন।
চুক্তির আওতায় মাদক পাচার, অর্থ পাচার, মানবপাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দুই দেশ নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে। পাশাপাশি পাচারের নতুন কৌশল, সংশ্লিষ্ট চক্র এবং সন্দেহভাজনদের তথ্য আদান-প্রদানের পাশাপাশি যৌথ অভিযান পরিচালনার সুযোগও রাখা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক সরঞ্জাম ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় করা হবে। লুকানো মাদক শনাক্তে প্রযুক্তি ও স্নিফার ডগ ব্যবহারের বিষয়েও সহযোগিতা বাড়ানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি ১০ বছর কার্যকর থাকবে এবং উভয় দেশের সম্মতিতে পরবর্তীতে মেয়াদ বাড়ানো যাবে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং বিচারিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।
এসময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানায় বাংলাদেশ। দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।