নিউজ প্রবাসী ডেক্স :

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরবেষ্টিত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস মিলেছে। যদিও সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জ জেলার সাতটি নদীর পানি এখনো আটটি পয়েন্টে প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উজান ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত না হওয়ায় নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। সুনামগঞ্জের নলজুর, নেত্রকোণার ধনু-বাউলাই, ভূগাই-কংস, সোমেশ্বরী ও মগরা নদী এবং হবিগঞ্জের কালনি-কুশিয়ারা ও সুতাং নদীর বিভিন্ন পয়েন্টে এখনো পানি বিপৎসীমার ওপরে রয়েছে।
তবে আগামী তিন দিন উত্তর-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও পরিস্থিতির অবনতি না হয়ে বরং উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং পানি ধীরে ধীরে নামছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts