
নিউজ প্রবাসী ডেক্স :
নওগাঁর সাপাহার সীমান্তে আবারও ‘পুশ ইন’ চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তা ব্যর্থ হয়েছে।
বুধবার ভোরে সাপাহার উপজেলার আদালতলা সীমান্তের একটি পয়েন্ট দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।
বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখা ও নো-ম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বৈধ প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ৫ ও ৮ জুনও নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সতর্কতায় সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়।