নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হলো। দীর্ঘদিনের শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পরাজিত করে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথে রাজ্যটি। শুক্রবার বিজেপির বিধায়ক দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়, ফলে তিনিই হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।
কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, মুখ্যমন্ত্রী পদে আসা আটটি প্রস্তাবেই শুধু শুভেন্দু অধিকারীর নাম ছিল। কোনো বিকল্প নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকে নেতা নির্বাচিত করা হয়।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের অন্যতম নায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে চলে আসেন। এর আগে ২০২১ সালেও নন্দীগ্রামে মমতাকে পরাজিত করেছিলেন তিনি।
মাত্র কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক নেতৃত্বে বসতে যাচ্ছেন। বিজেপি নেতৃত্ব মনে করছে, তার নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে কাজ করবে।
এদিকে নতুন সরকারে উপ-মুখ্যমন্ত্রী রাখা হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একজন নারী নেত্রী এবং উত্তরবঙ্গের একজন নেতাকে এ পদে দেখা যেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts