
নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্বজুড়ে সামরিক ব্যয় আবারও বেড়েছে, যা টানা এক দশকেরও বেশি সময় ধরে বৃদ্ধির ধারাকে অব্যাহত রেখেছে। ২০২৫ সালে বৈশ্বিক সামরিক ব্যয় প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা Stockholm International Peace Research Institute।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছর সামরিক খাতে মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৮৯ লাখ কোটি ডলারে, যা বিশ্ব জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ—২০০৯ সালের পর সর্বোচ্চ।
বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর চীন ও রাশিয়া। এই তিন দেশের সম্মিলিত ব্যয়ই বৈশ্বিক মোট ব্যয়ের অর্ধেকের বেশি, প্রায় ৫১ শতাংশ।
তবে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কিছুটা কমেছে, মূলত ইউক্রেইনে নতুন আর্থিক সহায়তা বন্ধ থাকার কারণে। অন্যদিকে ইউরোপের দেশগুলো সামরিক ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে, যা বৈশ্বিক বৃদ্ধির বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিশ্ব পরিস্থিতি ও বিভিন্ন দেশের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা পরিকল্পনার কারণে সামরিক ব্যয় বৃদ্ধির এই ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকতে পারে।
এদিকে চলমান সংঘাতের প্রভাবেও বিভিন্ন দেশের ব্যয়ে পরিবর্তন দেখা গেছে। যেমন, রাশিয়া ও ইউক্রেইনের ব্যয় বেড়েছে, আর গাজা যুদ্ধ শেষ হওয়ায় ইসরায়েল ও ইরান-এর ব্যয় কিছুটা কমেছে।