
নিউজ প্রবাসী ডেক্স :
প্রতিষ্ঠানের গুণগত মান, পরিচালনা ও ফলাফলের ভিত্তিতে সূচক নির্ধারণ; বদলিতে এআই সফটওয়্যার চালুর নির্দেশ
স্কুল ও কলেজের মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ‘র্যাংকিং সিস্টেম’ চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ ও ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সূচক তৈরি করে র্যাংকিং করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে।
মন্ত্রী শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি দপ্তরগুলোকে আরও মিতব্যয়ী ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গাড়ি শেয়ারিং, নির্ধারিত তাপমাত্রায় এসি ব্যবহারসহ বিভিন্ন পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
শিক্ষকদের প্রশাসনিক জটিলতা কমাতে বেতন-ভাতা, পেনশন, বদলি ও প্রশিক্ষণসংক্রান্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির আহ্বান জানান মন্ত্রী। বদলিতে তদবির বন্ধে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ব্যবহারের কথাও বলেন তিনি।
এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণ এবং নির্মাণকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন তিনি। নতুন ভবন নির্মাণে গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারদের দক্ষতা যাচাই ও কার্যকর তদারকির নির্দেশনা দেন।
শিক্ষা খাতে সেবাপ্রদান প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটাল করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে সেবাপ্রার্থীরা সহজেই সংশ্লিষ্ট কর্মকর্তা বা ডেস্কের তথ্য জানতে পারেন।