★ নিউজ প্রবাসী ডেক্স :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা নাগরিকরা এ তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
নির্দেশনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।