নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের আগেই শর্ট সার্কিটের সম্ভাবনা তুলে ধরা এবং বাড়িটিকে পরিত্যক্ত হিসেবে উল্লেখ করার ঘটনায় জাতীয় সংসদে আপত্তি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তাঁর আশঙ্কা, তদন্তের আগে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য তদন্তের গতিপথকে প্রভাবিত করতে পারে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তদন্তকে প্রভাবিত করার কোনো অভিপ্রায় থেকে তিনি আগের বক্তব্য দেননি।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন নুসরাত। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ঘটনার বিবরণ তুলে ধরে নুসরাত বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিস্ফোরণসদৃশ পরিস্থিতির পাশাপাশি বাড়ির একাধিক স্থানে একই সময়ে আগুন জ্বলতে দেখা গেছে। আগুনের ধোঁয়ায় বাড়ির নারী ও শিশুরা বাইরে বেরিয়ে আসেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। ফুটেজে দেয়ালের বাতি জ্বলতে থাকার দৃশ্যও রয়েছে বলে সংসদকে জানান তিনি।
নুসরাতের দাবি, ঘটনার এসব দৃশ্য গণমাধ্যম ও তদন্তসংশ্লিষ্টদের কাছে থাকার পরও আগুনের কারণ নিয়ে আগাম ধারণা প্রকাশ করা হয়েছে। বাড়িটিকে পরিত্যক্ত বলার বিষয়টিও তিনি প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, কোনো বাড়ি পরিত্যক্ত হলেও সেখানে আগুন লাগানোর ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না।
তদন্ত শেষ হওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা দায়িত্বশীল পর্যায়ের কারও মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ঊর্ধ্বতনদের বক্তব্যের প্রভাব অধস্তন কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদনে পড়লে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে যেতে পারে।
এ ছাড়া অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকারের দাবি এবং তাঁকে দেওয়া প্রাণনাশের হুমকির কথাও তুলে ধরেন নুসরাত। তাঁর ভাষ্য, তাঁকে ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’ বলে হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ঘটনাটিকে ছোট করে দেখার সুযোগ নেই।
তিনি আরও অভিযোগ করেন, দিনের বেলায় সংঘটিত ককটেল হামলাকে রাতের ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক সহিংসতার উদাহরণ হিসেবে গোপালগঞ্জে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশের বিষয়েও উদ্বেগ জানান।
নুসরাত বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ব্যক্তিরা বর্তমানে হুমকির মুখে রয়েছেন। এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। রাজনৈতিক মতাদর্শ বা পরিচয়ের কারণে কেউ হামলা কিংবা অগ্নিসংযোগের শিকার হলে তার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনা প্রয়োজন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি তখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বক্তব্য দেন। তবে পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছিল কিংবা বাড়ির বাসিন্দারা বের হতে পারেননি—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানাননি।
মন্ত্রী জানান, ঘটনার দিন সকালে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির একজন মেজর, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালক রয়েছেন।
আগুনের সম্ভাব্য কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্ট সার্কিটের বিষয়টি ছিল প্রাথমিক ধারণা মাত্র। সে সময় ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগ প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, সংসদে দেওয়া তাঁর বক্তব্যের উদ্দেশ্য তদন্তকে প্রভাবিত করা নয়। কোনো সংসদ সদস্যের ওপর হামলা কিংবা কারও জানমালের ক্ষতির ঘটনাকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
এ সময় নুসরাতের বক্তব্য থেকে ‘প্রভাবিত করতে পারে’ শব্দগুলো বাদ দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা অসংসদীয় বক্তব্য নয়। তদন্ত কমিটি কাজ করছে, তাই প্রতিবেদন না আসা পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিসংগত। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।