নিউজ প্রবাসী ডেক্স:
ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ব্যবসায়িক সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিপুল অঙ্কের ব্যাংকঋণ, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান হারানোর পরিস্থিতিতে ঋণের অর্থ দিয়ে বিলাসী জীবনযাপনের প্রবণতার সমালোচনা করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অনন্ত জলিলের বর্তমান পরিস্থিতির উদাহরণ টেনে মানুষকে সামর্থ্যের মধ্যে জীবনযাপনের পরামর্শ দেন। তাঁর মতে, অন্যের বিলাসী জীবন দেখে প্রভাবিত না হয়ে নিজের উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা উচিত।
শামস তাঁর পোস্টে উল্লেখ করেন, ঋণের টাকায় লোকদেখানো জীবনযাপন বুদ্ধিমানের কাজ নয়। আয় অনুযায়ী খাবার, পোশাক ও ভ্রমণের খরচ নির্ধারণ করলেই জীবনে স্বস্তি বজায় রাখা সম্ভব। পাশাপাশি অন্যের আর্থিক সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট থাকার আহ্বান জানান তিনি।
এদিকে অনন্ত জলিলের ব্যবসায়িক পরিস্থিতিও বেশ সংকটাপন্ন। ব্যাংকঋণ পরিশোধে জটিলতা তৈরি হওয়ায় তাঁর মালিকানাধীন একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যবসা সচল রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজলেও এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া পাননি তিনি।
এর মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ের দাবিতে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
আইনি নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।
এ বিষয়ে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে ব্যবসায়িক কার্যক্রম সীমিত হয়ে পড়লেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তী সময়ে সুদসহ ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন। এ অবস্থা থেকে উত্তরণে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে তাঁর মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম আরও বাধাগ্রস্ত হয়েছে।
এজেআই গ্রুপের মাধ্যমে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেছিলেন অনন্ত জলিল। পরে একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রে নিয়মিত হন।
ব্যবসায়িক সংকট কাটাতে কারখানা ভাড়া দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন অনন্ত জলিল। কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গে অংশীদারত্বের বিষয়ে আলোচনা হলেও তা সফল হয়নি বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি।
একসময় চলচ্চিত্র ও ব্যবসা—দুই অঙ্গনেই আলোচিত এই অভিনেতার সামনে এখন বড় চ্যালেঞ্জ বিপুল ঋণের চাপ সামলানো, শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল করা এবং কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। তাঁর এই পরিস্থিতিকে সামনে রেখেই ঋণনির্ভর বিলাসিতা পরিহার করে বাস্তবসম্মত জীবনযাপনের আহ্বান জানিয়েছেন শামস আফরোজ চৌধুরী।