নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তের দায়িত্ব পরিবর্তন করেছে পুলিশ। এখন থেকে মামলাটির তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান। এর আগে মামলাটির তদন্ত করছিলেন থানার এসআই সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম জানান, মামলাটি পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে মামলার প্রয়োজনীয় নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে তুলে দেওয়া হবে।
নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের আদেশ অনুযায়ী তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। নথিপত্র হাতে পাওয়ার পর তিনি তদন্ত কার্যক্রম শুরু করবেন।
তিনি বলেন, তদন্ত শেষ করে দ্রুত আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার চেষ্টা করবেন।
গত ১৮ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম নিখোঁজ হয়। ১৩ বছর বয়সী অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর পুলিশ জানায়, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলা করেন।
মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন ও সিয়ামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর নতুন কর্মকর্তার নেতৃত্বে মামলার তদন্ত কত দ্রুত এগোয় এবং আদালতে অভিযোগপত্র কবে দেওয়া হয়, এখন সেদিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts