
নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। শান্তি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা তাসনিম।
খবরে বলা হয়, চলমান সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের তেল বিক্রিতে কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। যদিও চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
শুরু থেকেই তেহরান দাবি করে আসছে, যেকোনো শান্তি চুক্তিতে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্র আপাতত সাময়িক শিথিলতার মাধ্যমে আলোচনার পথ এগিয়ে নিতে চাইছে বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের পাল্টা হামলায় বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। দীর্ঘ সংঘাতের ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়।
পরবর্তীতে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চললেও উভয়পক্ষের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েন অব্যাহত রয়েছে।