নিউজ প্রবাসী ডেস্ক
হোয়াটসঅ্যাপের স্টিকারে শব্দ যুক্ত করার নতুন সুবিধা চালুর পরীক্ষা করছে মেসেজিং প্ল্যাটফর্মটি। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তৈরি স্টিকারে ভিডিওর মূল অডিও, ভয়েস নোট কিংবা পছন্দের অন্য কোনো শব্দ যোগ করতে পারবেন। ফলে চ্যাটিংয়ে আরও প্রাণবন্ত অভিজ্ঞতা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ পাবলিক বিটা সংস্করণে পরীক্ষামূলকভাবে সাউন্ড স্টিকার ফিচার যুক্ত করা হয়েছে। এতে সাধারণ ও অ্যানিমেটেড স্টিকারের পাশাপাশি শব্দসহ স্টিকার তৈরির সুযোগ পাওয়া যাবে।
ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বিটা সংস্করণে এ সুবিধা যুক্ত হয়েছে। আগ্রহীরা গুগল প্লে স্টোরের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিটা পরীক্ষক হওয়ার আবেদন করতে পারেন।
নতুন স্টিকার তৈরি করতে প্রথমে যেকোনো চ্যাট খুলে স্টিকার আইকনে যেতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশনে ট্যাপ করে ফোনের গ্যালারি থেকে একটি ভিডিও নির্বাচন করতে হবে। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।
এরপর ওপরের মেনুতে থাকা ‘সাউন্ড’ আইকনে ট্যাপ করলে ‘অ্যাড সাউন্ড’ অপশন পাওয়া যাবে। সেখান থেকে ভিডিওর মূল শব্দ রাখা, নতুন ভয়েস নোট রেকর্ড করা কিংবা ফোনে সংরক্ষিত অডিও ফাইল যুক্ত করা যাবে। সবশেষে স্টিকারটি সংরক্ষণ করে অন্যদের পাঠানো যাবে।
তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিটা সংস্করণ ব্যবহারকারীরাও এখনই সুবিধাটি নাও পেতে পারেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ এটি চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।