
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় কয়েকটি নদীর পানি কমে এসেছে এবং দুটি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, নেত্রকোণার ভুগাই-কংস নদী এবং হবিগঞ্জের সুতাং নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচে নেমে এসেছে। এতে সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় উজান ও দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় নদীগুলোর পানি কমেছে। রোববার পাঁচটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও সোমবার তা কমে তিনটি পয়েন্টে নেমে এসেছে।
বর্তমানে সুনামগঞ্জের নালজুর নদী, নেত্রকোণার সোমেশ্বরী ও মগরা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হলেও পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুই দিন উত্তর-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ১৫ মের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন আবারও নদ-নদীর পানি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানি আগামী কয়েকদিন আরও কমতে পারে। এতে হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি কমে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।