নিউজ প্রবাসী ডেক্স:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আংশিক নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতু, সদস্যসচিব হিসেবে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক হিসেবে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দলটির দাপ্তরিক ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও পুনর্গঠন করা হয়। ওই কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলটির সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় নারী সংগঠনটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো।