নিউজ প্রবাসী ডেক্স :

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্টে অন্যের ব্যাংক কার্ড থেকে টাকা আনার ক্ষেত্রে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, অন্যের ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে প্রথমবার এমএফএস অ্যাকাউন্টে টাকা আনতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। এই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর থেকে নিয়মিতভাবে অর্থ স্থানান্তর করা যাবে।
তবে নিজের নামে নিবন্ধিত কার্ড ও এমএফএস অ্যাকাউন্ট হলে এই টোকেন লেনদেনের বাধ্যবাধকতা থাকবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর হবে। সম্প্রতি বিভিন্ন প্রতারণা ও জালিয়াতির অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা জোরদারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সার্কুলারে আরও বলা হয়েছে, ‘অ্যাড মানি’ লেনদেনকে এখন থেকে ‘মার্চেন্ট পেমেন্ট’ নয়, বরং ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, অনেক ক্ষেত্রে গ্রাহকের অজ্ঞাতে কার্ড থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের অভিযোগ পাওয়া গেছে। নতুন এ ব্যবস্থা চালু হলে এমন জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে কার্ডসেবা দাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এমএফএস গ্রাহকের তথ্য দৃশ্যমান থাকে না। ফলে ভুল লেনদেন বা প্রতারণার ঘটনায় অর্থ কোথায় গেছে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। নতুন নিয়ম বাস্তবায়িত হলে সেই সমস্যাও অনেকটা সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts